অবসর ভেঙে বিশ্বকাপে ফিরলেন নয়্যার, প্রথম ম্যাচেই জার্মান একাদশে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
অবসর ভেঙে আবারও বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী ও গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। চলতি আসরের প্রথম ম্যাচের একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে জার্মানি মুখোমুখি হবে কুরাসাও-এর।
এই ম্যাচটি নয়্যারের জার্মান জার্সিতে ১২৫তম আন্তর্জাতিক ম্যাচ। চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রীতি ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে প্রস্তুত ছিলেন অলিভার বাউম্যান, তবে নয়্যারের প্রত্যাবর্তনে দলে স্বস্তি ফিরেছে।
এর আগে দুই বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো ও জাপানের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে জার্মানির। এবার সেই ‘শুরুর ধাক্কা’ এড়াতে বড় জয় দিয়ে আসর শুরু করতে চায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচে অধিনায়ক জশুয়া কিমিখ খেলবেন রাইট-ব্যাক পজিশনে। রক্ষণে থাকবেন জোনাথন তাহ, নিকো শ্লটারবেক ও নাথানিয়েল ব্রাউন। মাঝমাঠ সামলাবেন আলেকসান্ডার পাভলোভিচ ও ফেলিক্স নমেচা। আক্রমণভাগে ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা ও লেরয় সানে থাকবেন মূল স্ট্রাইকার কাই হাভার্টজের পেছনে।
জার্মানির সম্ভাব্য একাদশ
নয়্যার, কিমিখ, তাহ, শ্লটারবেক, ব্রাউন, নমেচা, পাভলোভিচ, সানে, মুসিয়ালা, উইর্টজ, হাভার্টজ।
আপনার মতামত লিখুন :