বিক্ষোভের মধ্যেই সরকারের সঙ্গে সংলাপে যাচ্ছে আন্দোলনের নেতারা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে আন্দোলনকারীরা। শুক্রবার (২৪ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংগঠনের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের অন্যতম নেতা সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন কর্মসূচি শেষ করার কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনার এ সিদ্ধান্ত আসে। এতে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সংকট সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাজধানী দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। আন্দোলনকারীদের অন্যতম দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এটিকে অন্যতম বড় গণআন্দোলন হিসেবে দেখা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। চলতি সপ্তাহে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনেও এ ইস্যুর প্রভাব পড়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারপক্ষের প্রতিনিধিদের সঙ্গে নিরপেক্ষ স্থানে বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "আমরা আশা করি সরকার খোলা মনে আমাদের দাবিগুলো বিবেচনা করবে এবং দীর্ঘদিন ধরে আন্দোলনরত যুব-ছাত্রদের বক্তব্য গুরুত্বসহকারে শুনবে। আমরা আমাদের দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরব এবং ইতিবাচক সমাধানের প্রত্যাশা করছি।"
আলোচনার ফলাফলের ওপরই আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি এবং শিক্ষা সংকটের সম্ভাব্য সমাধান অনেকটাই নির্ভর করবে।
আপনার মতামত লিখুন :