লেবাননে ইসরায়েলি বিমান হামলার নতুন ঢেউ, একদিনে নিহত অন্তত ১৬
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননের ওপর সামরিক আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। বুধবার (১০ জুন) দেশটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর দফায় দফায় চালানো হামলায় একদিনেই অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
লেবাননের জননিরাপত্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের ঐতিহাসিক উপকূলীয় শহর টায়ার এবং আশপাশের এলাকাকে কেন্দ্র করে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো আবাসিক এলাকা লক্ষ্য করে একের পর এক বোমাবর্ষণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এবারের হামলায় সাধারণ মানুষের আশ্রয়স্থল মসজিদ ও হাসপাতালেও আঘাত হানা হয়েছে। টায়ার শহরে চালানো হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হন এবং গুরুতর আহত হন আরও কয়েকজন।
এ ছাড়া টায়ারের পূর্বাঞ্চলীয় জেলা ও পার্শ্ববর্তী দাইর দেব্বা গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায়ও জোরালো বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় উদ্ধারকারী দল ও গণমাধ্যম জানিয়েছে, এসব হামলায় নারী ও শিশুসহ আরও অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের মার্চে হিজবুল্লাহ ও ইসরায়েল–এর মধ্যে নতুন করে পূর্ণাঙ্গ সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননের প্রায় ৩ হাজার ৭০০ নাগরিক নিহত হয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সরকারি সূত্র জানিয়েছে।
এই পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
আপনার মতামত লিখুন :