কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল অন্তত ২৭ জনের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার বড় ধরনের হামলার আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার স্বার্থে কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
হামলার বিষয়ে রাশিয়া দাবি করেছে, তাদের বেসামরিক অবকাঠামোতে ইউক্রেনীয় হামলার জবাবে সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জনে কিয়েভ সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে।
তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির পক্ষ থেকে বলা হয়, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে এবং আগ্রাসী দেশ ও আত্মরক্ষাকারী দেশের কর্মকাণ্ডকে এক কাতারে ফেলা ভুল।
কিয়েভ মেট্রো কর্তৃপক্ষ জানায়, হামলার সময় ৫২ হাজার ৫০০ জনের বেশি মানুষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। তাদের মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার ছিল শিশু। সাম্প্রতিক বছরগুলোতে এটি মেট্রোতে আশ্রয় নেওয়ার সর্বোচ্চ সংখ্যা।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাতে রাশিয়া মোট ৪৯৬টি ড্রোন ও ৭৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ। অধিকাংশ হামলা প্রতিহত করা গেলেও ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন ৩৩টি স্থানে আঘাত হানে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটি ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে।
আপনার মতামত লিখুন :