হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, অমান্য করলে জাহাজে হামলার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডোরসহ পুরো হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি বন্ধ থাকবে।
এই ঘোষণার মাধ্যমে আগের অবস্থান থেকে সরে এসেছে তেহরান। এর আগে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। নতুন ঘোষণায় সেই সুযোগও বাতিল করা হলো।
এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন হয়। ফলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :