সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে : তথ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, সবাইকে নিয়েই গণতন্ত্র। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও এর বাইরে নয়। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা গণমাধ্যমের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়েরও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দায়িত্ব সবার। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করতে হবে।

গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ ছিল দাবি করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ সীমিত করা হয়েছিল। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গণমাধ্যম দেশের বিভিন্ন অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের সংকটের খবর জনগণের সামনে তুলে ধরেছে।

জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। আন্দালিভ রহমান পার্থ বলেন, ওই আন্দোলনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তথ্য মন্ত্রণালয়ের কাজ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিয়মনীতি অনুযায়ী তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে। তবে আগের ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, জনগণ সরকারকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। তাই সরকার কী করছে এবং কেন করছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করব, এটাই আমাদের বার্তা।’


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ