সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, বৃহস্পতিবার গেজেট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।
নির্বাচন ভবনে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি বলেন, যতগুলো আসন শূন্য রয়েছে, ঠিক ততসংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইন অনুযায়ী কোনো ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। ফলে বৈধ প্রার্থীদের নাম উল্লেখ করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গেজেট প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর তা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এ পাঠানো হবে এবং পরে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি। বাকি একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ওই আসনে এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তা বাতিল করে।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে ৭২ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :