ইউপি সচিবের বিরুদ্ধে কমিশন দাবির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ৭০ হাজার টাকা কমিশন দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগকারী ইউপি সদস্য আবুল হাসেম ও সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগমের দাবি, ইউনিয়নের একটি ২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ইউপি সচিব আফসার উদ্দিন ৭০ হাজার টাকা কমিশন দাবি করেন। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হলে পরিষদ কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগকারীরা বলেন, উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বড় একটি অংশ কমিশন হিসেবে দাবি করা হলে প্রকল্পের কাজের মান ও সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ থেকে এ ধরনের কমিশন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সচিব আফসার উদ্দিন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়। এসব প্রকল্পের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা কমিশন দাবির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
এদিকে, এর আগেও বিভিন্ন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনিয়মের অভিযোগে আফসার উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল বলে স্থানীয়দের দাবি। সাধারণ মানুষকে হয়রানিরও অভিযোগ রয়েছে বলে জানান তারা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :