পঞ্চগড়ে চিকিৎসক ছাড়াই নার্সের ডেলিভারি চেষ্টায় নবজাতকের মৃত্যু, ক্লিনিকে উত্তেজনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে চিকিৎসক ছাড়া নার্সের ভুল চিকিৎসায় একটি বেসরকারি ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (৮ জুন) রাতে জেলা শহরের আদর্শ ক্লিনিকে এ ঘটনা ঘটে। তবে প্রসূতি মা বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

নিহত নবজাতকের মা পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মনিরুল ইসলামের স্ত্রী মিতু (১৯)। ঘটনার পরপরই ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা ক্লিনিকে জড়ো হয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে ক্লিনিক কর্তৃপক্ষ দীর্ঘ সময় নবজাতকের মরদেহ হস্তান্তর না করার অভিযোগও ওঠে। পরে গভীর রাতে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পরিবার ও ক্লিনিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে মিতুকে পরীক্ষা-নিরীক্ষার পর সিজারিয়ান ডেলিভারির জন্য আদর্শ ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসক না থাকায় দীর্ঘ সময় অপেক্ষার পর ডা. আফিয়া জান্নাত আফির পরামর্শে নার্স সারজিনা ও আখি অপারেশন থিয়েটারে নিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করেন। রাত সাড়ে ১০টার দিকে মৃত নবজাতক প্রসবের খবর পরিবারকে জানানো হয়।

নবজাতকের স্বজনদের অভিযোগ, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা শেষে সিজারের জন্য ভর্তি করা হলেও চিকিৎসক ছাড়াই নার্সদের অবহেলায় তাদের সন্তানের মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ডেলিভারি করানো নার্সরা জানান, তারা চিকিৎসকের সরাসরি উপস্থিতি ছাড়া ফোনে দেওয়া পরামর্শ অনুযায়ী স্যালাইন ও ইনজেকশন প্রয়োগ করেছিলেন। একপর্যায়ে জরায়ুর মুখে শিশুটি দীর্ঘ সময় আটকে থাকায় মৃত্যু ঘটে বলে তারা দাবি করেন।

এদিকে ক্লিনিকের ম্যানেজার মোজাহারুল ইসলাম মাসুদ স্বীকার করেছেন, নরমাল ডেলিভারির সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। তিনি আরও জানান, আদর্শ ক্লিনিকের লাইসেন্স বর্তমানে হালনাগাদ নেই এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসকও নেই।

নবজাতকের নানী রূপালি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে সিজারের জন্য ভর্তি করা হয়েছিল। আমাদের না জানিয়ে নার্সরা নরমাল ডেলিভারি করিয়েছে। অবহেলাতেই আমার নাতির মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।”

এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং আদর্শ ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ