শেষ স্বপ্নের পেছনে ছুটে চলা এক অদম্য রোনালদো


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

বয়স বেড়েছে, গতি কমেছে। কিন্তু ক্ষুধা কমেনি একটুও। ফুটবল ছাড়ার বয়স অনেক আগেই পেরিয়ে গেলেও মনের ভেতরের আগুন আজও একই রকম জ্বলছে। তাই তো ৪১ বছর বয়সেও হাঁটুর বয়সী ফুটবলারদের সঙ্গে লড়াইয়ে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

সমবয়সী কিংবা তার চেয়েও কম বয়সী অনেকেই বুট তুলে রেখে পরিবার আর আরামকে বেছে নিয়েছেন। রোনালদোর ক্ষেত্রেও সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু আজন্ম এক স্বপ্ন তাকে ঘুমোতে দেয় না। যে স্বপ্ন পূরণ না হওয়ায় এখনো শান্তি পাননি পর্তুগালের এই মহাতারকা।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

পাঁচটি বিশ্বকাপে খেলেছেন তিনি, কিন্তু সোনালি ট্রফিতে চুমু আঁকা হয়নি কখনোই। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে শেষ চারে ওঠাই ছিল পর্তুগালের হয়ে তার সেরা সাফল্য। এরপর একের পর এক আসর কেটেছে হতাশায়। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর চোখের জলেই যেন লেখা হয়েছিল তার অপূর্ণতার গল্প।

সেই বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছিলেন,
“পর্তুগালের হয়ে বিশ্বকাপ জয় ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। স্বপ্নটা যতদিন বেঁচে ছিল, সত্যিই সুন্দর ছিল।”

তখন অনেকেই ভেবেছিলেন, এখানেই বুঝি শেষ।

কিন্তু না। 
চার বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে তিনি। এটিই হয়তো তার শেষ সুযোগ। শেষ সুযোগ বলেই প্রস্তুতিটাও আলাদা। এবার তার পাশে এমন এক দল, যাদের অনেকেই ইউরোপের শীর্ষ লিগে নিজেদের সেরা সময় পার করছেন। ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্ডেসদের সঙ্গে আছেন অভিজ্ঞ ব্রুনো ফার্নান্দেস ও বেনার্দো সিলভা। আক্রমণভাগে রোনালদোর সঙ্গে থাকছেন জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও।

এই দলটিকে অনেকেই বলছেন পর্তুগালের ‘সোনালি প্রজন্ম’। ১৯৬৬ বিশ্বকাপে খেলা পর্তুগালের সাবেক উইঙ্গার আন্তোনিও সিমায়েশও বিশ্বাস করেন, এবার ইতিহাস গড়ার সব উপকরণই আছে এই দলে।

ব্যক্তিগত অর্জনে রোনালদোর ঝুলিতে নেই এমন কিছুই নেই। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার কীর্তি তার দখলে। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৭৩। পাঁচবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা এই কিংবদন্তির সামনে এখন একটাই শূন্যতা-

বিশ্বকাপ ট্রফি।

যে ট্রফির স্বাদ কাতারে পেয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

শেষ অধ্যায়ে এসে এবার কি সেই অপূর্ণ স্বপ্ন পূরণ হবে রোনালদোরও?
শেষ ভালোটা করার অপেক্ষায় এক অদম্য কিংবদন্তি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ