দেশ ও জাতি হারিয়েছে একজন অভিভাবক : হানিফ সংকেত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ। শোক জানাচ্ছে শোবিজ অঙ্গনের তারকারাও। সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি হারিয়েছে একজন অভিভাবক।
৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে খালেদা জিয়ার ছবি পোস্ট করে শোক জানান হানিফ সংকেত।
তিনি লেখেন– সর্বজন শ্রদ্ধেয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খালেদা জিয়ার অবদান তুলে ধরে হানিফ সংকেত লেখেন, তার এ মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। খালেদা জিয়ার এ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শোক ও সমবেদনা প্রকাশ করে এই উপস্থাপক আরও লেখেন, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তার শোকাবহ পরিবারের সব সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
প্রসঙ্গত, গত ৩৯ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :