লামায় বিশ্ব হাতি দিবস পালিত, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মুহাম্নাদ আলমগীর, স্টাফ রিপোর্টার :
‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বিশ্ব হাতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সচেতনতা সভা এবং হাতির আক্রমণসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) লামা রেঞ্জ ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সচেতনতামূলক সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, জীববৈচিত্র্য ও বনাঞ্চলের ভারসাম্য রক্ষায় হাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই হাতির আবাসস্থল ও বিচরণপথ সংরক্ষণের পাশাপাশি মানুষ-হাতির সংঘাত কমাতে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন লামা বিভাগীয় বন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুলুছড়ি রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন। এ সময় লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনসহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাতির আক্রমণসহ বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত চারজনের মধ্যে মোট ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে আবুল হোসেন ও নুরজাহান বেগমকে ৩ লাখ টাকা করে এবং হুমাইরা বেগম ও ক্ষতিজা বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।
পরে বন বিভাগের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হাতির চলাচলের লক্ষণ শনাক্তকরণ, হাতির উপস্থিতিতে করণীয় এবং মানুষ ও বন্য হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, বন্য হাতির নিরাপদ আবাসস্থল রক্ষায় বন সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :