আইইউটিতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
বুধবার (১৩ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে অনুষ্ঠিত হয়েছে ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের এ উদ্যোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও মানোন্নয়নে আরও মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণে আইইউটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সাফল্যের স্বাক্ষর রাখছেন। ভবিষ্যতেও কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তাদের আরও এগিয়ে যেতে হবে।
এ সময় আইইউটি ক্যাম্পাসে সৌরশক্তিভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর ড. হিসেইন আরাবি নূর। এছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি স্বাগত বক্তব্য এবং রেজিস্ট্রার ড. মুবেসা উমর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ব্যক্তিগত ও দলগত ১১টি ক্যাটাগরিতে মোট ১২৩ জন শিক্ষক ও শিক্ষার্থীকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন।
আপনার মতামত লিখুন :