নিজের বিয়ে নয়, অন্যের বিয়েতেই বেশি আনন্দ মিমির!
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ, জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা চাই—এমন প্রশ্নের জবাবে নিজের মনের কথা জানিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর প্রত্যাশা, জীবনসঙ্গী হতে হবে ভালো মানুষ, একই সঙ্গে হতে হবে সবচেয়ে ভালো বন্ধু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভালোবাসতে হবে তাঁর সন্তানদেরও।
দুর্গাপূজা উপলক্ষে নতুন সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবারের পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবিটির প্রচারণার ফাঁকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিয়ের প্রসঙ্গেও মুখ খুলেছেন এই অভিনেত্রী।
জীবনসঙ্গী কেমন হওয়া উচিত- এমন প্রশ্নের উত্তরে মিমি বলেন, তাঁর সঙ্গীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। পাশাপাশি হতে হবে তাঁর খুব ভালো বন্ধু, হাসিখুশি ও আনন্দপ্রিয়। মিমির মতোই ভ্রমণের প্রতি ভালোবাসা থাকতে হবে তাঁর।
তবে জীবনসঙ্গীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটি চান মিমি, তা হলো তাঁর সন্তানদের প্রতি ভালোবাসা। তাঁর মতে, শুধু তাঁকে ভালোবাসলেই হবে না, তাঁর সন্তানদেরও আপন করে নিতে হবে।
এদিকে নিজের বিয়ে নিয়ে আপাতত কোনো তাড়াহুড়ো নেই এই অভিনেত্রীর। বরং অন্যের বিয়েতে অংশ নেওয়াই বেশি উপভোগ করেন তিনি। মজার ছলে মিমি জানান, অন্যদের বিয়ের দাওয়াতে যেতে তাঁর বেশ ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন একটু বেশি থাকলে তাঁর আনন্দ আরও বেড়ে যায়।
নিজের বিয়ের প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, যখন বিয়ে হবে, তখনই তা নিয়ে ভাববেন। অর্থাৎ, আপাতত নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার চেয়ে অন্যের বিয়ের আনন্দ উপভোগ করতেই বেশি আগ্রহী তিনি।
উল্লেখ্য, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার কাজ করেছেন তিনি। সিনেমাটিতে মিমির বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।
আপনার মতামত লিখুন :