পরিবারেই সুখ খুঁজছেন পপি, সিনেমায় ফেরার পরিকল্পনা আপাতত নেই
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
একসময় ঢাকাই চলচ্চিত্রের পর্দা দাপিয়ে বেড়ানো জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে। ভক্তদের প্রত্যাশা থাকলেও আপাতত নিয়মিত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
তবে অভিনয়কে পুরোপুরি বিদায় জানাননি পপি। নিজের জীবন নিয়ে মানসম্মত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পপি বলেন, নিয়মিত অভিনয়ের জন্য বিভিন্ন সময় প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করতে চান না। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। সুখী দাম্পত্য জীবনই এখন তার প্রধান অগ্রাধিকার।
পপির ভাষায়, শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় যদি সঠিকভাবে তুলে ধরা হয়, তবেই বায়োপিকের প্রস্তাব তিনি বিবেচনা করবেন। দেশে ও বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার জীবন নিয়ে নির্মিত কোনো কাজ হলে সেটি হতে হবে ব্যতিক্রমী।
চলচ্চিত্র ‘কুলি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। প্রথম ছবিতেই ওমর সানীর বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক ব্যবসাসফল ও প্রশংসিত ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
‘দরদি সন্তান’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘মনের মিলন’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘দু’জন দু’জনার’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় তার অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে।
অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পপি। ২০০৩ সালে ‘কারাগার’ সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। পরে ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য আরও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
সবশেষে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় অভিনয়ের পর থেকেই তিনি চলচ্চিত্রের আলো-ঝলমলে জগত থেকে দূরে রয়েছেন। বর্তমানে পরিবারকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রেখে নিভৃতে সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় নায়িকা।
আপনার মতামত লিখুন :