স্পেনের কর মামলায় শাকিরার বড় জয়, ৫৫ মিলিয়ন ইউরো ফেরত দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে স্পেনের কর কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় জয় পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার ওপর আরোপিত প্রায় ৫৫ মিলিয়ন ইউরোর জরিমানা অবৈধ ঘোষণা করে সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে স্পেনের ন্যাশনাল হাই কোর্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে শাকিরা স্পেনে অন্তত ১৮৩ দিন অবস্থান করেছিলেন এমন নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে স্পেনের কর বিভাগ। দেশটির আইন অনুযায়ী, কাউকে ‘ট্যাক্স রেসিডেন্ট’ হিসেবে গণ্য করতে হলে বছরে ন্যূনতম এই সময়টুকু সেখানে অবস্থান করা আবশ্যক।
রায় ঘোষণার পর শাকিরা প্রতিক্রিয়ায় বলেন, “অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত আট বছর ধরে তাকে ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে লক্ষ্যবস্তু বানানো হয়েছে, যার প্রভাব পড়েছে তার মানসিক স্বাস্থ্য ও পারিবারিক জীবনে।
ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা। কর কর্তৃপক্ষ একে ‘অত্যন্ত গুরুতর কর লঙ্ঘন’ উল্লেখ করে এই অর্থ আদায় করেছিল।
তবে স্পেনের কর বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো অর্থ ফেরত দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
শাকিরার আইনি দলের যুক্তি ছিল, ২০১১ সালে তিনি বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে অবস্থান করতে পারেননি। ওই বছর তিনি বিশ্ব সফরে ছিলেন এবং ৩৭টি দেশে মোট ১২০টি কনসার্টে অংশ নেন। এ ছাড়া সে সময়ে স্পেনে তার কোনো স্থায়ী বাসস্থান, সন্তান কিংবা ব্যবসার সদর দপ্তর ছিল না বলেও আদালতে তুলে ধরা হয়।
উল্লেখ্য, শাকিরা ও ফুটবলার জেরার পিকের দুই সন্তান জন্মগ্রহণ করে ২০১৩ ও ২০১৫ সালে। পরে ২০২২ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :