1. সারাদেশ
  2. বিস্তারিত

হাজার কোটি টাকার প্রকল্পে উপকূল রক্ষা, কিন্তু কাদার ফাঁদে বন্দি বরগুনার লাখো মানুষ

হাজার কোটি টাকার প্রকল্পে উপকূল রক্ষা, কিন্তু কাদার ফাঁদে বন্দি বরগুনার লাখো মানুষ
জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :

উপকূলীয় জনপদকে জলোচ্ছ্বাস ও বন্যার ঝুঁকি থেকে সুরক্ষিত করতে বাস্তবায়ন করা হয়েছিল হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের প্রভাবেই আজ চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার উপকূলের লক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ডের অধীনে চীনের সহায়তায় বাস্তবায়িত ‘উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উঁচু ও প্রশস্ত করার সময় বহু পাকা সড়ক মাটি দিয়ে ঢেকে কাঁচা করে ফেলা হয়। প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ছয় বছর আগে। অথচ আজও সেসব সড়ক পুনরায় পাকাকরণ করা হয়নি।

সরেজমিনে আমতলী, তালতলী, পাথরঘাটা ও বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই কাঁচা সড়কগুলো কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও বড় বড় গর্তে জমে রয়েছে পানি। এতে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, পিকআপ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি রোগীদের হাসপাতালে নিতে বিলম্ব হচ্ছে, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। কৃষক ও জেলেদের উৎপাদিত পণ্য বাজারজাত করতেও গুনতে হচ্ছে বাড়তি সময় ও খরচ।

স্থানীয়দের অভিযোগ, উপকূল সুরক্ষার নামে যোগাযোগ ব্যবস্থাকে অকার্যকর করে ফেলা হলেও তা পুনর্বাসনের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যে উন্নয়ন মানুষের জীবনকে সহজ করার কথা ছিল, সেটিই এখন দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন পোল্ডারে ১০০ থেকে ১৫০ কিলোমিটার বেড়িবাঁধ উন্নয়ন, নতুন স্লুইস গেট নির্মাণ এবং পুরোনো স্লুইস গেট সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। তবে অবকাঠামোগত এসব উন্নয়নের সুফল ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে অনেকটাই ম্লান হয়ে গেছে।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, বর্তমানে কাঁচা অবস্থায় থাকা অধিকাংশ সড়ক আগে পাকা ছিল। বেড়িবাঁধ উঁচু করার সময় সেগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে সরকারি নথি ও ম্যাপে সড়কগুলো এখনো পাকা সড়ক হিসেবেই অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব সড়ক পুনরায় পাকাকরণ করতে হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন। সেই সমন্বয়ের অভাবেই বছরের পর বছর ঝুলে আছে পুনর্নির্মাণের উদ্যোগ।

বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, জেলে, গর্ভবতী নারী, শিশু ও অসুস্থ রোগীরা। কাঁচা সড়কের কারণে জরুরি চিকিৎসাসেবা পেতে বিলম্ব হচ্ছে। কৃষিপণ্য ও মাছ পরিবহনে বাড়তি ব্যয় হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মনির হোসেন কামাল বলেন, "উপকূল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ অবশ্যই প্রয়োজনীয় ছিল। কিন্তু মানুষের চলাচলের একমাত্র সড়কগুলো নষ্ট করে রেখে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ছয় বছর ধরে মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে। দ্রুত আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে সড়কগুলো পাকাকরণের উদ্যোগ নিতে হবে।"

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, "এটি পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতির বাস্তব উদাহরণ। উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় যোগাযোগ ব্যবস্থার বিষয়টি গুরুত্ব পেলে আজ মানুষকে এমন ভোগান্তিতে পড়তে হতো না। এখন আর দেরি না করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।"

আমতলীর বাসিন্দা আব্দুল করিম বলেন, "বৃষ্টি হলেই রাস্তায় চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা হয়। মোটরসাইকেল চালাতে ভয় লাগে। অনেক সময় রোগী নিয়ে বের হওয়াও সম্ভব হয় না।"

গোলবুনিয়া বাজারের ভ্যানচালক মো. জাফর ইকবাল বলেন, "কাঁচা রাস্তার কারণে প্রতিদিন ক্ষতির মুখে পড়ছি। আগে কয়েকটি ট্রিপ দিতে পারলেও এখন একটি ট্রিপ শেষ করতেই অনেক সময় লাগে। আয় কমে গেছে, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।"

স্কুলছাত্রী সুমাইয়া আক্তার জানায়, "স্কুলে যাওয়ার পথে প্রায়ই কাদায় পিছলে পড়ি। বই-খাতা ও পোশাক নষ্ট হয়। অনেক সময় সময়মতো ক্লাসেও পৌঁছাতে পারি না।"

দীর্ঘদিনের এই দুর্ভোগের প্রতিবাদে বিভিন্ন এলাকায় মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান এবং প্রতীকীভাবে কাঁচা সড়কে ধানের চারা রোপণসহ নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে রাস্তা পাকাকরণের জন্য কোনো বরাদ্দ ছিল না। পৃথক প্রকল্পের মাধ্যমে সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, পরিকল্পনার কথা শুনতে শুনতে ছয় বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন শুরু হবে কবে?

উপকূলবাসীর দাবি, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনর্নির্মাণ করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রতি বর্ষায় কাদার ফাঁদে বন্দি হয়ে থাকবে বরগুনার উপকূলের হাজারো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন