জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব, আইন-শৃঙ্খলা উন্নয়নে নতুন পরিকল্পনা এসএমপির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।
রোববার (৩ আগস্ট) এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, “সিলেট একটি পবিত্র নগরী। এখানে পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এ অঞ্চলের মানুষ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে। সিলেটের মানুষ শান্তিপ্রিয় ও পরোপকারী। তাদের সহযোগিতা নিয়েই একটি নিরাপদ ও বাসযোগ্য মহানগর গড়ে তুলতে চাই।”
সভার শুরুতে সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নগরবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আলোচনায় সাংবাদিকরা যানজট নিরসন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, ছিনতাই-চুরি ও সাইবার অপরাধ দমন, বিট পুলিশিং ও নিয়মিত টহল বৃদ্ধি, অবৈধ আবাসিক হোটেল, অনলাইন জুয়া ও হানিট্র্যাপ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি থানাগুলোকে আরও জনবান্ধব করা, জিডি ও মামলা সংক্রান্ত হয়রানি বন্ধ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে গতি আনা এবং রাতের চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর দাবিও তুলে ধরা হয়।
জবাবে পুলিশ কমিশনার বলেন, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, সাইবার অপরাধ ও অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
তিনি আরও বলেন, থানাগুলোকে আরও জনবান্ধব করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজে জিডি ও মামলা সংক্রান্ত সেবা পেতে পারেন। একই সঙ্গে রাতের টহল, চেকপোস্ট কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসম্পৃক্ত পুলিশিং আরও শক্তিশালী করা হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। পারিবারিক নজরদারি বাড়াতে পারলে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
সভা শেষে পুলিশ কমিশনার বলেন, পুলিশ, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা ও পারস্পরিক আস্থার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সিলেট মহানগর গড়ে তোলা সম্ভব।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন, মোঃ রিয়াজুল কবির, পিএসসি, সুদীপ্ত রায়, মোঃ আফজাল হোসেনসহ এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :