জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে সারা দেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
৪ নভেম্বর মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এমন তথ্য জানিয়েছেন।
এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনি আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্র নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণ তাদের আরও প্রস্তুত করেছে।
প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি, র্যাব, আনসার-ভিডিপি ও সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে সমন্বিত টহল চালাবে পুলিশ।
আপনার মতামত লিখুন :