দেশে হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫ জনের মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা গেছেন পাঁচজন। এ সময়ে নতুন করে আক্রান্ত বা উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৫ জনের।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৯১ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
এ সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
হাম ও হামের উপসর্গে নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও চাপ বাড়ছে।
আপনার মতামত লিখুন :