ওসমানীনগরে অ্যাম্বুলেন্স চালকের জন্য নতুন ঘর, মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল পরিবারে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা মোহাম্মদপুর গ্রামের অসহায় অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমানের স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিয়েছে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভি।
মানবিক সহায়তার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন বসতঘরটি শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এটি সংগঠনটির ওসমানীনগর উপজেলায় ২৬তম বসতঘর বলে জানানো হয়।
নেসার্স ট্রাস্টের ফাউন্ডার মেম্বার আফগানিস্তানের নাগরিক আদম খাঁনের পক্ষে এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির যৌথ উদ্যোগে ঘরটি প্রদান করা হয়। ঘরটি হস্তান্তর করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুনুর রহমান। এতে বক্তব্য রাখেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির বাংলাদেশ সদস্য নাজমুল ইসলাম সাইদ এবং সমাজসেবক আব্দুল আহাদ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভি প্রবাসীদের সহযোগিতায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, সংকটকালসহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। চলমান ‘হাউজিং মিশন’-এর আওতায় চলতি বছরে ওসমানীনগরে ২৬টি বসতঘর নির্মাণ ও হস্তান্তর সম্পন্ন হয়েছে।
তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক কাজে আরও উৎসাহিত করবে এবং অসহায় মানুষের জীবনে স্বস্তি এনে দেবে।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। শেষে মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম আশরাফুল রহমান দোয়া পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :