ফ্যাসিবাদ আর যেন ফিরে না আসে, জাতীয় সংকটে ঐক্যবদ্ধ থাকতে হবে : ভারপ্রাপ্ত স্পিকার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জুলাইয়ের শহীদ ও যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের শীর্ষ নেতারা।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি জাতি চিরঋণী। তিনি বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ও আদর্শ থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। তরুণ প্রজন্মের স্বপ্ন ও আকাঙ্ক্ষা যেন আর কখনো পদদলিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বর্ষা বিপ্লবের চেতনাকে হৃদয়ে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, জাতীয় স্বার্থ ও সংকটের মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে জাতিকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়াই হবে জাতির ভবিষ্যৎ পথচলার মূল অঙ্গীকার।
আপনার মতামত লিখুন :