দাভোসে কাজাখ প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে একমত তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে নীতিগতভাবে একমত হন দুই দেশের সরকারপ্রধান।
রাজনৈতিক, ব্যবসায়িক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন।
বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা গঠনের যে প্রস্তাব কাজাখস্তান দিয়েছে, তাতে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান।
এই বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
আপনার মতামত লিখুন :