যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে গুলিবর্ষণে প্রাণ গেল ২ জনের, শিশুসহ ৫ জন আহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। এ ঘটনায় উৎসবস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (স্থানীয় সময়) সন্ধ্যায় সিয়াটলের বিখ্যাত স্পেস নিডল টাওয়ারের পাশের সিয়াটল সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
সিয়াটল অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র জানান, গুলিবর্ষণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে উৎসব চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ, দমকল ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা খালি করে নিরাপত্তা জোরদার করেন। একই সঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে ভর্তি চারজনের মধ্যে একটি ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো বলেন, তিনি ও তার বান্ধবী ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চারদিকে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। নিরাপদ আশ্রয়ের খোঁজে সবাই একে অন্যকে ধাক্কা দিচ্ছিল, অনেকে মাটিতে পড়ে যাচ্ছিলেন, এমনকি শিশুদের ঠেলাগাড়িও উল্টে যায়।
তিনি বলেন, "আমি যখন পরপর গুলির শব্দ শুনলাম, তখনই বুঝতে পারলাম একজন বন্দুকধারী গুলি চালাচ্ছে।" প্রথমে তিনি তার বান্ধবীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ঘটনাস্থলে ফিরে এসে একাধিক আহত ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
১৯৮২ সালে শুরু হওয়া ‘বাইট অব সিয়াটল’ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খাবার উৎসব। প্রতিবছর তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ধরনের খাবার, পানীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন।
ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীর পরিচয় উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে সিয়াটল পুলিশ।
আপনার মতামত লিখুন :