মধুবালার চরিত্রে সারা অর্জুন? ‘ধুরন্ধর’ সাফল্যের পর নতুন চমক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর দর্শকমহলে ব্যাপক আলোচনায় রয়েছেন সারা অর্জুন। বিশেষ করে রণবীর কাপুর-এর সঙ্গে তার পর্দার রসায়ন নিয়ে শুরুতে যতটা বিতর্ক ছিল, মুক্তির পর তা প্রশংসায় রূপ নেয়। আর ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে রেকর্ড গড়ে এই জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে।
এই সাফল্যের মধ্যেই শোনা যাচ্ছে, নতুন একটি বড় বাজেটের ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন সারা। গুঞ্জন অনুযায়ী, ছবিটিতে তিনি অভিনয় করতে পারেন হিন্দি চলচ্চিত্রের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা-র চরিত্রে।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, এই প্রজেক্টে প্রযোজক হিসেবে থাকতে পারেন সঞ্জয় লীলা বানসালি এবং পরিচালনায় থাকতে পারেন জ্যাসমিত কে রিন। ছবিতে তুলে ধরা হবে বলিউডের স্বর্ণযুগ, মধুবালার অভিনয় জীবন এবং তার ব্যক্তিগত জীবনের অজানা দিকগুলো।
তবে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। জানা গেছে, এটি মূলত মধুবালার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে, সম্ভাব্য এই চরিত্রের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন সারা অর্জুন। মধুবালার রূপ, গ্ল্যামার, পোশাক, অভিনয়ের ভঙ্গি ও সংলাপ বলার ধরন নিখুঁতভাবে রপ্ত করতে নিচ্ছেন বিশেষ প্রশিক্ষণ। লুক টেস্ট থেকে শুরু করে প্রতিটি খুঁটিনাটিতে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা সারা অর্জুন ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে হঠাৎ করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। এখন দেখার বিষয়, মধুবালা-র মতো কিংবদন্তি চরিত্রে তিনি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন।
আপনার মতামত লিখুন :