ঈদযাত্রায় যানজট মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের : সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
ঈদযাত্রায় সড়কে যানজট ও যাত্রীভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, পশুর হাটের কারণে যেন মহাসড়কে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) সচিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মন্ত্রী জানান, ঈদযাত্রার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে এবার সারা দেশে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ফেরি পারাপারে যাত্রীদের নিরাপত্তার জন্য বাস থেকে সবাইকে নামিয়ে এরপর ফেরিতে ওঠার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সদরঘাটে নৌ-নিরাপত্তা জোরদারে স্পিডবোট থেকে সরাসরি লঞ্চে ওঠা নিষিদ্ধ করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের ঈদযাত্রার চাপের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, গত ঈদে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সঙ্গে আলোচনা হয়েছিল তিন ধাপে ছুটি দেওয়ার বিষয়ে। তবে তা বাস্তবায়ন না হওয়ায় শেষ মুহূর্তে অতিরিক্ত যাত্রীর চাপ তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, ঈদের সময় মানুষ যেভাবেই হোক বাড়ি ফিরতে চান। অনেকেই কাউন্টার থেকে টিকিট না কেটে সরাসরি যাত্রা করার চেষ্টা করেন, যা পরিবহন ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ তৈরি করে। এতে যাত্রীদের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে।
আপনার মতামত লিখুন :