হরমোজ প্রণালী দিয়ে ২৪ ঘণ্টায় ২৪টি বাণিজ্যিক জাহাজ পারাপার : আইআরজিসি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোট ২৪টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী অতিক্রম করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স-এর বরাতে আইআরজিসি নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমোজ প্রণালীতে অতিরিক্ত জটলা বা কনজেশন এড়াতে প্রতিদিন নির্দিষ্ট রুট ব্যবহার করে সীমিত সংখ্যক জাহাজ পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। এতে নৌপথে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে দাবি করেছে বাহিনীটি।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যেও এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (২৮ মে) আইআরজিসি জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় মোট ২৬টি বাণিজ্যিক জাহাজ হরমোজ প্রণালী পার হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমোজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :