সিলেটের ওসমানীনগরের বাস দুর্ঘটনার শোক কাটেনি, তদন্ত চলমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনায় এলাকায় এখনও শোকের ছায়া বিরাজ করছে। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত ৯ জনেরও বেশি যাত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম (৫০), ঢাকার বিক্রমপুরের জাইফা ইসলাম (৩) এবং সিলেটের সোবানীঘাট এলাকার সপ্তম রায় (প্রীতম) (২২)-এর পরিচয় নিশ্চিত করা হয়েছে। অন্য নিহতদের পরিচয়ও স্বজনদের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় নুরুন নাহার, মো. মফিজ মিয়া, ফারুক মিয়া, মুক্তার, জাহাঙ্গীর, আফরুজা, আফজাল, বাবুল ও ওহারসহ একাধিক যাত্রী আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, স্থানীয়রা মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ, চালকদের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :