কোরবানির ঈদে দেবীগঞ্জে পশুর জোগান বেশি, বাইরের হাটে বিক্রির সম্ভাবনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সোহাগ হোসেন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাতে কোরবানির জন্য ২৩ হাজার ১৩৩টি গবাদিপশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থ পরিবারগুলো। চাহিদার তুলনায় প্রায় ছয় হাজার পশু বেশি থাকায় স্থানীয় প্রয়োজন মিটিয়ে বাইরের হাটেও পশু সরবরাহের আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেবীগঞ্জে কোরবানির পশুর চাহিদা ১৭ হাজার ২২০টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ২৩ হাজার ১৩৩টি পশু। অর্থাৎ অতিরিক্ত রয়েছে ৫ হাজার ৯১৩টি পশু। উপজেলার ছয় শতাধিক খামারি ও পরিবার এসব পশু লালন-পালন করেছেন।

প্রস্তুত পশুর মধ্যে গরুর সংখ্যাই বেশি। মোট ১৩ হাজার ১২৬টি গরুর মধ্যে রয়েছে ৯ হাজার ২০টি ষাঁড়, ১ হাজার ৫০১টি বলদ এবং ২ হাজার ৬০৫টি গাভী। পাশাপাশি কোরবানির জন্য প্রস্তুত আছে ৯ হাজার ৫০৫টি ছাগল, ৪২০টি ভেড়া এবং ৮২টি মহিষ।

সংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছরে দেবীগঞ্জে বাণিজ্যিকভাবে গবাদিপশু পালনের প্রবণতা বেড়েছে। ছোট-বড় খামারের পাশাপাশি অনেক পরিবার ঘরোয়া পদ্ধতিতেও সারা বছর পরিকল্পিতভাবে পশু পালন করছেন। খামারিরা বলছেন, খাদ্য ও পরিচর্যার খরচ বাড়লেও ঈদের বাজারে ন্যায্য দাম পাওয়ার আশায় তারা আশাবাদী।

টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকার খামারি অপূর্ব রায় বলেন, সারা বছর যত্ন করে গরু লালন-পালন করেছি। খরচ বেশি হলেও ঈদের বাজারে ভালো দাম পাওয়ার আশা করছি।
শালডাঙ্গা ইউনিয়নের কালুপীর এলাকার খামারি আব্দুস সামাদ জানান, দেশীয় গরুর চাহিদা ভালো থাকায় এবার তিনি আগের চেয়ে বেশি পশু প্রস্তুত করেছেন।

দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ূন কবির বলেন, উপজেলায় কোরবানির পশুর কোনো সংকট নেই। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু নিশ্চিত করতে নিয়মিত খামার তদারকি করা হচ্ছে।

এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে ভাউলাগঞ্জ, টেপ্রীগঞ্জ, লক্ষীরহাট ও কালীগঞ্জ হাটে পশু উঠতে শুরু করেছে। পাশাপাশি নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়ার হাটেও দেবীগঞ্জের পশু বিক্রি হবে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই এসব হাটে ক্রেতা-বিক্রেতার আনাগোনা বাড়ছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম রাখার পাশাপাশি ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ