সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৫ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে নতুন করে ৩৭৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৮ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজশাহীতে ১৬ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৭০ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।
এ সময়ের মধ্যে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৯৫ জন। তবে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :