উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মোহাম্মদ আলমগীর, স্টাফ রিপোর্টার :
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকায় মেঝেতে অবস্থান করেই চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। নারী, শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নেওয়ার এমন চিত্রে হাসপাতালের সেবার মান ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ থাকলেও সে তুলনায় পর্যাপ্ত শয্যা নেই। ফলে শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝেতে বিছানা পেতে অবস্থান করতে হচ্ছে। কেউ স্বজনের সহায়তায় মেঝেতে বসে আছেন, আবার কেউ অসুস্থ শরীর নিয়েই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে রোগীদের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনদেরও।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের মেঝেতে অবস্থান করতে দেখা গেছে। অসুস্থ মানুষের জন্য যেখানে পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করার কথা, সেখানে মেঝেতে শুয়ে চিকিৎসা নেওয়ার দৃশ্যকে অত্যন্ত বেদনাদায়ক বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শুধু লামা উপজেলার নয়, আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। ফলে প্রতিদিনই এখানে রোগীর চাপ থাকে। কিন্তু প্রয়োজনের তুলনায় শয্যা ও অন্যান্য সুযোগ-সুবিধা সীমিত হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।
এক রোগীর স্বজন বলেন, “অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসে যদি মেঝেতে থাকতে হয়, বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক। বিশেষ করে রাতে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে মেঝেতে থাকা খুবই দুর্বিষহ।”
সচেতন মহলের মতে, চিকিৎসাসেবা শুধু ওষুধ ও চিকিৎসকের ব্যবস্থাপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। রোগীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ নিশ্চিত করাও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ। উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের এমন দুরবস্থা কোনোভাবেই কাম্য নয়।
এ অবস্থায় রোগীর চাপ বিবেচনায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক শয্যা বৃদ্ধি, রোগী ও স্বজনদের জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিত করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের দাবি, অসুস্থ মানুষ অসহায় অবস্থায় চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসেন। তাই রোগীদের মানবিক মর্যাদা ও চিকিৎসার ন্যূনতম পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আপনার মতামত লিখুন :