রোয়াংছড়িতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

​চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাথরবোঝাই চলন্ত ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিমিতা তঞ্চঙ্গ্যা নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওয়াগয় পাড়া সংলগ্ন রোয়াংছড়ি থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমিতা তঞ্চঙ্গ্যা বান্দরবান সদর উপজেলার ৬নং ছামছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শামুক ঝিরি পুনর্বাসন পাড়ার বাসিন্দা নিরজয় তঞ্চঙ্গ্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা নিরজয় তঞ্চঙ্গ্যার সঙ্গে মোটরসাইকেলে করে রোয়াংছড়ি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল শিশু রিমিতা। পথে রোয়াংছড়ি থানার সামনে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় ট্রাকের ধাক্কায় শিশুটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়।

ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই রোয়াংছড়ি থানা পুলিশ ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে। আটক চালকের নাম ফোরকান (৪৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ রনমহল গ্রামের নবী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আটক চালক পাথরবোঝাই ড্রাম ট্রাক নিয়ে রুমা উপজেলার দিকে যাচ্ছিলেন। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, পার্বত্য এলাকার সরু ও ঝুঁকিপূর্ণ সড়কে ভারী যানবাহনের অবাধ চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জননিরাপত্তার স্বার্থে দিনের বেলায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ