স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিহত ৫৮৯
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে ভেনেজুয়েলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে, পাশাপাশি মিলছে জীবিতদের সন্ধানও। সর্বশেষ তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত ৫৮৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৪ হাজার ৩শ’র বেশি মানুষ।
গত বুধবারের শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর লা গুয়াইরা। প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের বসবাসরত এই শহরে শতাধিক ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ হাজারেরও বেশি পরিবার। একই সঙ্গে রাজধানী **কারাকাস**সহ আশপাশের এলাকায় বহু ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে পড়েছে।
ভূমিকম্পের পর অনেক সময় পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ। সময় যত গড়াচ্ছে, জীবিতদের উদ্ধারের সম্ভাবনাও তত কমে আসছে। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির সংকট থাকা সত্ত্বেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে চলছে নিহতদের মরদেহ উদ্ধারের কাজ। প্রাণহানির সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা এখনও অনিশ্চিত।
নিখোঁজ স্বজনদের সন্ধানে উদ্ধারস্থলগুলোতে ভিড় করছেন অসহায় পরিবারগুলোর সদস্যরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “সেনাবাহিনীর কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। এখন মানুষের আপনাদের প্রয়োজন। ট্রাক্টর, এক্সকাভেটর ও নির্মাণ শ্রমিক নিয়ে দ্রুত উদ্ধারকাজ জোরদার করুন। আমরা আপনাদের অপেক্ষায় আছি।”
ভয়াবহ এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তাও বাড়ছে। একসময় বৈরি সম্পর্ক থাকা যুক্তরাষ্ট্র উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। পাশাপাশি মেক্সিকো, চিলি, **এল সালভাদর**সহ আরও কয়েকটি দেশ উদ্ধারকারী দল পাঠিয়েছে। অনেক দেশ মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। একইসঙ্গে এই দুর্যোগ মোকাবিলায় দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জোরালো হচ্ছে।
আপনার মতামত লিখুন :