আটঘরিয়ায় পোস্ট মাস্টারের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলাতে সাবেক ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল-এর বড় ভাই ও পোস্ট মাস্টার মকরুল ইসলাম চন্দনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে রঘুনাথপুর এলাকায় আব্দুস সোবহান মোল্লার রাইস মিলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মকরুল ইসলাম চন্দনের গতিরোধ করে ৮-১০টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত। এরপর তারা লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন।
হাসপাতালে দেওয়া বক্তব্যে আহত চন্দন অভিযোগ করেন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এ বিষয়ে নাজমুল হক বলেন, বিষয়টি এখনো তার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :