সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু, সর্বোচ্চ ৫৪৬ জন হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৬ জন, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ ভর্তি হওয়ার রেকর্ড।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রামে ৯৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুর বিভাগে ৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৬৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী। এ পর্যন্ত ১২ হাজার ৪৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :