হাওর পাড়ি দিয়ে স্কুলে যাওয়া, মধ্যনগরের সাত গ্রামে মাধ্যমিক বিদ্যালয়ের দাবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কামাউড়া, করুয়াজান, ইনতনগর, কলমা, মাছুয়াকান্দা, শাহাপুর ও বনগাঁও- এই সাত গ্রামের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা গ্রহণে প্রতিদিন পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ। প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত মধ্যনগর সদরের বিদ্যালয়ে যেতে গিয়ে নিয়মিত চরম ভোগান্তির মুখে পড়ছে শিক্ষার্থীরা। এ অবস্থায় সাত গ্রামের সমন্বয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি তুলেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ইঞ্জিনচালিত নৌকায় হাওর পাড়ি দিয়ে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে হয়। আবার হেমন্ত ও শুষ্ক মৌসুমে কেউ মোটরসাইকেলে, কেউবা পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে। এই কষ্টসাধ্য যাতায়াতের কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারে না, ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং ঝরে পড়ার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা মৌজা আলী তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকার শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে কষ্ট করে পড়াশোনা করছে। দ্রুত একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার বলেন, নৌকাযোগে বিদ্যালয়ে যাতায়াত শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার বলেন, বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান হলে ঝরে পড়ার হার কমবে এবং এলাকার শিক্ষার মান বাড়বে।

মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু বলেন, এটি সাত গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি। শিক্ষার্থীদের দুর্ভোগ আমি নিজে প্রত্যক্ষ করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, এলাকাবাসীর দাবি যৌক্তিক। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও শিক্ষার্থীর সংখ্যা যাচাই করে বিধি অনুযায়ী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, শিক্ষার উন্নয়ন সরকারের অগ্রাধিকার। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ