নিউজ বাংলা ডেস্ক :
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয়জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪১ জনের।
হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং নতুন রোগীর সংখ্যা বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরছে। এ অবস্থায় শিশুদের মধ্যে রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :