৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, সিলেটে কমপ্লেক্স নির্মাণের আশ্বাস : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান জানিয়েছেন, দেশে তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৪৮১ জন অমুক্তিযোদ্ধার (ভুয়া মুক্তিযোদ্ধা) গেজেট বাতিল করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য মো. আব্দুল মালিক (সিলেট-৩)-এর নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

নোটিশে সংসদ সদস্য আব্দুল মালিক অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছিল। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছেন এবং অসাধু ব্যক্তি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকায় এই অনিয়মের প্রভাব বেশি পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের সনদ ও গেজেট বাতিল করা হচ্ছে।

তিনি সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এবং সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খান-এর স্মৃতিবিজড়িত এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মন্ত্রী জানান, প্রবাসে থাকা যেসব মুক্তিযোদ্ধা এখনো ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি পাননি, তাদের দ্রুত তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা চলছে।

মন্ত্রী আরো বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিগগিরই তিনি সিলেটের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্থানসমূহ পরিদর্শন করবেন এবং স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ