বিগত ১৭ বছরেও ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের কাছে মাথা নত করিনি : স্থানীয় সরকার মন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৭ বছর ধরে তারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন, অনেক প্রাণ হারিয়েছেন এবং জেল খেটেছেন, তবুও মাথা নত করেননি। তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমান-এর নেতৃত্বে তারা বিজয় অর্জন করেছেন এবং এখন নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সমাজে মাদকের আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে এবং যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। জনগণকে সঙ্গে নিয়ে একটি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, লালমনিরহাট থেকে শুরু হওয়া বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই ধরনের আন্দোলন ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানের মূল আলোচক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ বেড়েছে। তিনি জানান, মাদক, জুয়া, বাল্যবিয়ে ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি আন্দোলন ২০০৩ সালে শুরু হলেও পরে তা থেমে যায়, যা এখন নতুন করে শুরু হয়েছে।

তিনি বলেন, অপরাধ দমনে আগে তালিকা তৈরি করে সতর্ক করা হবে এবং পরে আইন প্রয়োগ করা হবে। পাশাপাশি বাল্যবিয়ের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, তিস্তা বাঁচাও আন্দোলন একসময় বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল এবং বর্তমানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগও ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়বে এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ