রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরে, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই : আইনমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ বিষয়ে চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়াতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আলাদা বা বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে সম্ভাব্য মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য নয়।

চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অভিযোগগুলো তদন্তে মিথ্যা প্রমাণিত হলে সেসব মামলা প্রত্যাহার করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বর্তমানে বিচারবহির্ভূত হত্যার ঘটনা শূন্যের কোটায় রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালী রাজনৈতিক নেতা-ই হোন না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ