বন্যায় বাংলাদেশের সহায়তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া ১০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে বালেন্দ্র শাহ এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভয়াবহ ওই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন জনগোষ্ঠীর ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।

বালেন্দ্র শাহ বলেন, সংকটের এই সময়ে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কাটিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে এবং নতুন করে জীবন গড়ে তুলতে বাংলাদেশের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি শোক ও সহমর্মিতা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সংসদে এমন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

চিঠিতে বালেন্দ্র শাহ আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবে বিবেচনা করে।

প্রতিকূল সময়ে বাংলাদেশের প্রদর্শিত সহমর্মিতা ও সহযোগিতা নেপালের জনগণ গভীরভাবে অনুভব করেছে উল্লেখ করে নেপালের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এই সহায়তা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ