পাবনায় র্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ অস্ত্রধারী অপরাধী আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :
পাবনা সদর উপজেলাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, তাজা কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ রাব্বী নামে এক অস্ত্রধারী অপরাধীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। অভিযানে জড়িত অপর এক সহযোগী কৌশলে পালিয়ে গেলেও তার আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে এ ঝটিকা অভিযান পরিচালিত হয়। গত ২৬ জুন বিকেলে পাবনা সদর থানার দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে রাব্বী (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত রাব্বী পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের দ্বীপচর মোল্লাপাড়া এলাকার মো. সিদ্দিক মোল্লার ছেলে। আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাব্বীর দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা থানার চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় পলাতক সহযোগীর আস্তানায় আরেকটি অভিযান চালায় র্যাব। সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পলাতক আসামি মো. জব্বার প্রামাণিক (৪৫), কুমারখালী থানার সাদীপুর ইউনিয়নের মৃত আবদুর রহিম প্রামাণিকের ছেলে।
র্যাব জানায়, পলাতক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত রাব্বীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অস্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :