মাদক, ইভটিজিং ও চুরি রোধে হোসেনপুরে প্রশাসনের কঠোর পদক্ষেপ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা, চ্যালেঞ্জ এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া চুরি ও ছিনতাই প্রতিরোধে নৈশকালীন পুলিশি টহল বৃদ্ধি, উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় রাখারও নির্দেশনা দেওয়া হয়।

যানজট নিরসনে বাজার এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আসন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, "জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গুজবে কান না দিয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই।"

সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, হোসেনপুরকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত রাখতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনিরুল হক রাজন, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম আহ্বায়ক এস. এম. মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ