আদ্-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পোস্টমর্টেমকে জরুরি বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি এখনো তদন্তাধীন। হাসপাতালের এসি বন্ধ থাকা, শ্বাসরোধজনিত পরিস্থিতি কিংবা গ্যাস লিকেজের সম্ভাবনাসহ সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত কী কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনায় কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মৃত শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন। এতে ভবিষ্যতে বিচারিক প্রক্রিয়ায় আসামিপক্ষ সুবিধা পেতে পারে।
ময়নাতদন্ত সম্পন্ন করা পরিবারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে দাফনের পরও আদালতের অনুমতি নিয়ে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা সম্ভব।
এদিকে পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারকাজ দ্রুত শেষ করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। বিচারিক প্রক্রিয়া আদালতের বিষয় হলেও সাক্ষ্যগ্রহণসহ প্রসিকিউশনের দায়িত্ব সরকার যথাযথভাবে পালন করছে বলে তিনি জানান।
তবে রায় কবে হবে বা কী হবে, তা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে নতুন করে আর কেউ জড়িত থাকার তথ্য নেই বলেও সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :