ইরান যুদ্ধ শেষের সময় জানালেন ট্রাম্প, দিলেন নতুন হামলার হুমকি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

দীর্ঘ ছয় মাস ধরে চলা ইরানের সঙ্গে যুদ্ধ আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তেহরান। ওই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টি তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারিত হবে।

ট্রাম্প বলেন, ‘নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে। কারণ ইরান আর বেশি দিন টিকে থাকতে পারবে না।’

এর আগে যুদ্ধ শেষ করার বিষয়ে একাধিক সময়সীমা দিয়েছিলেন ট্রাম্প। তবে তার সর্বশেষ বক্তব্যে যুদ্ধ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত গড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সতর্ক করেছেন। তাদের আশঙ্কা, ইরানের সঙ্গে চলমান সংঘাত ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদের শেষ সময় পর্যন্তও গড়াতে পারে।

গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফের হামলার হুমকি

ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে ভূগর্ভস্থ দুটি সুড়ঙ্গ কমপ্লেক্সে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প।

তিনি দাবি করেন, ওই এলাকায় ‘সামান্য তৎপরতা’ দেখা যাচ্ছে। এ কারণে ইরানকে সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে ইরান জানিয়েছে, বুধবার গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছে তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। পাল্টাপাল্টি হামলার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল আরও ব্যাহত হয়েছে।

হুতিদের সংঘাতে নতুন করে বাড়ছে ঝুঁকি

ইরান যুদ্ধের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত সাম্প্রতিক দিনগুলোতে আরও তীব্র হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইয়েমেনের কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতিরা লোহিত সাগরের উপকূলীয় শহর মোকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। একই সঙ্গে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে।

অন্যদিকে ইয়েমেন সরকারের বাহিনী ও তাদের মিত্ররা বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলের ধুবাব এলাকা থেকে সরে যাচ্ছে বলে জানা গেছে। ওই প্রণালির নিয়ন্ত্রণে ধুবাব এবং এর বিপরীতে অবস্থিত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

হুতিদের অগ্রযাত্রা বাব আল-মান্দেব প্রণালিতে তাদের প্রভাব আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে। লোহিত সাগর ও বাব আল-মান্দেব বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় সেখানে সংঘাত বাড়লে আন্তর্জাতিক পণ্য পরিবহন ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

১০০ ডলারের ওপরে ব্রেন্ট তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা আরও বেড়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে ২৪ ঘণ্টায় চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে হুতিদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় চারটি শহরে অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দেব অঞ্চলে সংঘাত আরও বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ওপর চাপ তৈরি হবে। এতে তেলের দাম আরও বাড়তে পারে এবং বিশ্বজুড়ে পরিবহন ও নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ