আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, নতুন করে গ্যাস সংকট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আবারও বন্ধ হয়ে গেছে। টার্মিনালে থাকা এলএনজি শেষ হয়ে যাওয়ায় বুধবার (১৯ আগস্ট) দুপুর থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়। ফলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করা গ্যাস সরবরাহ পরিস্থিতিতে ফের সংকট দেখা দিয়েছে।

বর্তমানে সামিটের এফএসআরইউ থেকে প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে এক্সিলারেটের সরবরাহ বন্ধ থাকায় দেশে মোট গ্যাস সরবরাহ ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে। অথচ জাতীয় পর্যায়ে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।

ফলে চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। গত সপ্তাহের তীব্র সংকটের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে এই বিপর্যয়ে শিল্পকারখানাগুলোতে কম চাপের গ্যাসের সমস্যা আরও প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ করা গ্যাসের বড় একটি অংশ বিদ্যুৎকেন্দ্রে দিতে হচ্ছে। এতে শিল্পসহ অন্যান্য খাতে গ্যাসের চাপ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে সক্ষম এক্সিলারেটের এফএসআরইউটি গত ২১ জুলাইয়ের অগ্নিকাণ্ড ও পরবর্তী কারিগরি সমস্যার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। পরে ৬ আগস্ট আংশিকভাবে কার্যক্রম শুরু হয়। তবে ১৪ আগস্ট আবারও কার্যক্রম ব্যাহত হওয়ার পর ১৫ আগস্ট পুনরায় চালু করা হয়েছিল।

এর কয়েক দিনের মধ্যেই আবারও টার্মিনালটির কার্যক্রম বন্ধ হয়ে গেল। সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী, ২৩ আগস্টের আগে এক্সিলারেটের টার্মিনালটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, এক্সিলারেটের সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি আরও বাড়ার পাশাপাশি শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ