শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দেশব্যাপী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, শ্রেণিকক্ষে পাঠদান সুষ্ঠুভাবে চালু রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে উপজেলা ভিত্তিক একটি ‘শিক্ষক পুল’ গঠন করতে হবে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন নিতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট উপজেলার ইউএনওর পরামর্শক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী ওই পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান কার্যক্রম চালু রাখবে।
চিঠিতে বলা হয়েছে, এসব শিক্ষকদের সম্মানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের জরুরি খাত থেকে বহন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষক সংকট কাটিয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :