দীর্ঘ ১৪ বছর পর ফিরছে ‘ককটেল’, অগ্রিম টিকিট বিক্রির ঝড়
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে জনপ্রিয় রোমান্টিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ককটেল ২। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সাইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ‘ককটেল’ এর সিক্যুয়াল ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির যে চিত্র সামনে এসেছে, তাতে ছবিটি নিয়ে তৈরি হওয়া উত্তেজনা স্পষ্ট।
নতুন কিস্তিতে আগের তারকাদের জায়গায় দেখা যাবে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানাকে। প্রেম, বন্ধুত্ব ও আধুনিক সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে নির্মিত এই ছবির ট্রেলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান বলছে, মুক্তির আগেই ভারতে ছবিটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ৪৯ লাখ রুপির বেশি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ব্লকড সিটের হিসাব যোগ করলে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপি। এখন পর্যন্ত দেশজুড়ে ৭০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ১ হাজার ৪৯১টি শোর জন্য টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬২ লাখ ১৫ হাজার রুপি। ব্লকড সিটসহ মোট আয় সেখানে পৌঁছেছে প্রায় ৯৭ লাখ ২৪ হাজার রুপিতে।
এই প্রবণতা দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ‘ককটেল ২’ ৪ কোটির বেশি আয় করতে পারে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, মুক্তির সময় যত এগোবে, বুকিংয়ের গতি আরও বাড়তে পারে। বর্তমান ধারা অব্যাহত থাকলে প্রথম দিনের আয় ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বিশেষ করে দিল্লি-এনসিআর, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় শহরগুলোতে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদিও অগ্রিম বুকিংয়ের সংখ্যা দিয়েই একটি ছবির চূড়ান্ত সাফল্য নির্ধারণ করা যায় না, তবে মুক্তির আগে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবেই দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :