বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (১৩ মে) প্রকাশিত কেন্দ্রটির বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সুরমা ও কুশিয়ারা নদীর পানিও আগামী দুই দিন বাড়তে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেত্রকোনা জেলার ভুগাই-কংস এবং সুনামগঞ্জের যাদুকাটা নদীর পানি দ্রুত বাড়ছে, যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে পাহাড়ি ঢলের প্রভাবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বুধবার সকাল থেকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি গাজীর ভিটা ও ভূবন কূড়া এলাকায় প্রবেশ করছে।
ভোড়াঘাট নদীর পানি বেড়ে আশপাশের লোকালয় ও কৃষিজমি তলিয়ে গেছে। ভেঙে গেছে দুটি ইউনিয়নের কাঁচা সড়কও। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পানি প্রবেশ বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :