পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের পর যুবকের মরদেহ, পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: শাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে মারধর করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত মেহেদী হাসান আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসের ছেলে। তিনি সাঁড়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় দৈনিক হাজিরার ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন আকিব। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে অজ্ঞাত কয়েকজন তাকে আহত অবস্থায় অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছান। সেখানে আকিবের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে আকিবকে রাজশাহীর উদ্দেশে নিয়ে রওনা হন। পথে নাটোরের লালপুর এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। একপর্যায়ে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে আকিবকে মারধর করে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, ঘটনার বিষয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আকিবের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :